Sylhet Today 24 PRINT

খাগড়াছড়িতে সংঘর্ষ, নারীসহ আহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় আওয়ামী লীগ সমর্থক ও পৌরসভার মেয়র রফিকুল আলম সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছে। আহতের মধ্যে নারীসহ চারজন আওয়ামী লীগ সমর্থক ও দুইজন মেয়র সমর্থক বলে জানা গেছে।

রোববার (০৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

চমেকে চিকিৎসাধীনরা হলেন, আওয়ামী লীগ সমর্থক মোসলেম উদ্দিন (৩৫), বিল্লাল হোসেন (৩৫), মেয়র সমর্থক খায়রুল আলম (১৫) ও রনি (১৮)। খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন দু’জন হলেন- আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিনের স্ত্রী জোৎস্না (৩৫) ও মোসলেম উদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩০)।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শালবনসহ খাগড়াছড়ি পৌর এলাকায় উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

তিনি আরো জানান, এর আগে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মেয়র সমর্থকদের হামলায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী গুরুতর আহত হন।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.