Sylhet Today 24 PRINT

জরিপে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীরা এগিয়ে: জয়

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছেন- জনপ্রতিনিধিত্বকারী জরিপে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন।

তিনি বিভিন্ন ধরণের তথ্য উল্লেখ করে বলেন- ঢাকা দক্ষিণে ২২৮০ জন উত্তরদাতার ৪৯% বলেছে তারা আওয়ামী লীগের পক্ষের প্রার্থী সাঈদ খোকনকে ভোট দিবে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের পক্ষে ৪৩%। ঢাকা উত্তরের ২১৬০ জন উত্তরদাতার মাঝে ৫১.৯% এর পছন্দ আনিসুল হককে, সেখানে ৩৩% এর তাবিথ আউয়াল।

"ফোর্স এন' ফোকাস লিমিটেড" মাঠ জরিপটি পরিচালনা করেছে এবং সিআরআই ও সুচিন্তা প্রস্তুত করেছে জরিপের প্রশ্ন এবং গবেষণা পদ্ধতি। প্রায় সমান সংখ্যক বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা উত্তরদাতাদের নিয়ে ঢাকা দক্ষিণের ২২৮০ ভোটার এবং উত্তরে ২১৬০ ভোটারকে নির্বাচিত করা হয়েছিলো (৬০% তরুণ)- যোগ করেন তিনি।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের পরিচালিত বেশিরভাগ জরিপ নির্ভূল নয় উল্লেখ করে তিনি বলেন- বাংলাদেশের গণমাধ্যমগুলোর পরিচালিত বেশিরভাগ জরিপ খুব একটা নির্ভুল হয় না। তারা কেবল তাদের নিজেদের সাংবাদিকদের দিয়ে এলোমেলোভাবে মানুষের কাছে জানতে চায়। এভাবে জরিপ পরিচালনা করলে হবে না। আপনাকে নিশ্চিত করতে হবে যে প্রশ্নগুলো পক্ষপাতদুষ্ট নয়, আপনার নমুনায় জনগণের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং আপনাকে সমান ভাবে পুরো ভৌগলিক এলাকায় জরিপ চালাতে হবে।

জরিপ সম্পর্কে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে জয় উল্লেখ করেন- আমি হার্ভার্ডে জরিপ বিষয়ে শিখেছি এবং আমি যা শিখেছি তার সব আমাদের জরিপ সমন্বয়কারীদের শিখিয়েছি। আমরা ৭ বছর যবৎ আমাদের জরিপ পক্রিয়াকে পরিমার্জিত করেছি, যার কারণে আমি বিশ্বাস করি আমাদের জরিপ প্রায় নির্ভুল।

সিটি কর্পোরেশনের নির্বাচন ছাড়াও জয় জাতীয় রাজনীতির দিকে আলোকপাত করে বলেন- যখন এটা জাতীয় রাজনীতির বিষয়, তখন সাতান্ন শতাংশ (৫৭%), অর্থ্যাৎ একটা বৃহৎ অংশই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের উপর আস্থা রাখেন। এটা তারই সাক্ষ্য যে, গত ৬ বছর যবৎ আমরা শিক্ষা, বিদ্যুত, অবকাঠামো এবং অবশ্যই ডিজিটাল বাংলাদেশসহ সকল খাতে উন্নয়নমূলক সব কাজ করেছি। আওয়ামী লীগ সরকার ছাড়া এসবের কিছুই হয়তো হতো না।

আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীগণ নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী অবৈতনিক এ উপদেষ্টা বলেন- ঢাকা শহরের জন্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছাড়া হয়তো এসব উড়াল সড়কসমূহ এবং উঁচু রাস্তাঘাট আপনি পেতেন না, যা আমরা বিগত আমলে তৈরি করেছি। আমরা এখন মেট্রো সিস্টেম তৈরি প্রক্রিয়াধিন রেখেছি, কিন্তু সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র ছাড়া এটি সম্ভব হবে না।

তিনি আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীদের ভোটদানে উদ্ধুব্ধ করতে বলেন-  আপনাদের সকলের কাছে আবেদন করছি, যে আপনারা সবাই নির্বাচনের দিন বের হয়ে আসুন এবং ভোট দিন। ঢাকা উত্তরে আনিসুল হককে ভোট দিন, দক্ষিণে ভোট দিন সাঈদ খোকনকে এবং আ.জ.ম নাসির উদ্দিনকে ভোট দিন চট্টগ্রামে।

জয় তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নেপালে সংঘটিত ভুমিকম্পের কথা উল্লেখ করে বলেন-  নেপালের ভূমিকম্পের ঘটনাটি খুবই হৃদয়বিদারক। নেপালের সকল জনগণের জন্য আমার সহানুভূতি রইলো। আমাদের আওয়ামী লীগ সরকার তাদের সব ধরণের সাহায্য করতে প্রস্তুত।

"ফোর্স এন' ফোকাস লিমিটেড" কর্তৃক পরিচালিত এ জরিপের প্রতি আস্থা রেখে জয় উল্লেখ করেন- জরিপের ক্ষেত্রে ৯৫% আস্থা নিয়ে আমাদের ত্রুটির পরিমাণ উভয়ক্ষেত্রে মাত্র ২.১%।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.