Sylhet Today 24 PRINT

সবার সহযোগিতা চাইলেন নতুন সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

দায়িত্ব পাওয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সবার সহযোগিতা চেয়েছেন। সোমবার রাতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই। সাংবিধানিক এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালনেরও অঙ্গীকার করেছেন কে এম নূরুল হুদা।

শপথ নেওয়ার পর অন্য কমিশনারদের সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান সাবেক এই সচিব।

নুরুল হুদার সঙ্গে দায়িত্ব পালন করবেন অন্য চার নির্বাচন কমিশনার সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।

সোমবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী সিইসি ও কমিশনারদের নিয়োগ অনুমোদন করেন। রাত সাড়ে ১০টায় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ৭৩ ব্যাচের কর্মকর্তা। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যাওয়া নুরুল হুদার বাড়ি পটুয়াখালীতে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, পরিবেশ ও বন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন ছাড়াও তিনি ফরিদপুরের জেলা প্রশাসক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.