Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা-কলকাতা মশাল পদযাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

দুই বাংলায় শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মশাল নিয়ে ঢাকা থেকে কলকাতায় এক পদযাত্রার আয়োজন করা হচ্ছে। এর উদ্যোক্তা কলকাতার নামী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনদের সংগঠন 'বেঙ্গলি লিটারারি সোসাইটি' আর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকায় বসবাসকারী কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনরা। এ নিয়ে তৃতীয় বার এরকম মশাল মিছিলের আয়োজন করা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে মশাল প্রজ্বলন করে যাত্রার সূচনা হবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। থাকবেন ঢাকায় বসবাসকারী সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনরাও।

১২ ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মননচর্চার আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা কি পিছিয়ে পড়ছে’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেবেন দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিরা। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল নিয়ে পদযাত্রা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৫ ফেব্রুয়ারি মশাল পৌঁছবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

১৬ ফেব্রুয়ারি শান্তি ও সম্প্রীতির মশাল সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে মশাল যাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ১৭ ফেব্রুয়ারি সেখান থেকে পদযাত্রা যাবে বর্ধমানে সেন্ট জেভিয়ার্সে। ১৮ ফেব্রুয়ারি মশাল নিয়ে পদযাত্রা যাবে বারাসতে রাজ্য বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে যাবে কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে। সেখানেই দু’দিন প্রজ্বলিত থাকবে মশাল।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেন্ট জেভিয়ার্সের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মিছিল করে মশাল নিয়ে আসবেন তাদের কলেজ চত্বরে। শান্তি, সম্প্রীতির এই মশাল ঘিরে ভাষা দিবসে সেন্ট জেভিয়ার্সে সারা দিন ধরে বাংলা ভাষা নিয়ে চলবে নানা অনুষ্ঠান। সূচনা হবে ‘জাবুল্লাস ২০১৭’ অনুষ্ঠানের। বিকালে দশভুজা বাঙালি অনুষ্ঠানে সম্মানিত করা হবে সেরা দশ বাঙালিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.