Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের নির্যাতন গণহত্যার শামিল : ব্রিটেনের রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনকে গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এ মন্তব্য করেন তিনি।

ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক এর সাথে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিবলেট। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাইকমিশনাররা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমারের সেনাবাহিনীর অকথ্য নির্যাতনের কথা তাদের কাছে বর্ণনা করেন। পরে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিন হাইকমিশনার।

পরিদর্শন শেষে অ্যালিসন ব্লেক বলেন, ‘শিবির পরিদর্শন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থা জানতে পেরেছি। পালিয়ে আসা রোহিঙ্গারা সেদেশে সেনাবাহিনীর হাতে নির্যাতন, ধর্ষণ ও হত্যার বর্ণনা দিয়েছেন। তারা যে নির্যাতন, হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন তাকে গণহত্যা বলা যায়। 'রোহিঙ্গা নির্যাতনের যে বর্ণনা শোনা গেল, তা অত্যন্ত নির্মম। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরালো করতে হবে।'

ক্যাম্প ইনচার্জ শামশুদ্দোজা জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিভিন্ন বিষয়ে জানতে চান হাইকমিশনাররা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনাররা নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরালো করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

হাইকমিশনাররা সকাল ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে প্রথমে একটি বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তারা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে নতুন আসা ৩০ নারী-পুরুষের সঙ্গে আলাপ করেন এবং তাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের তথ্য নেন। এরপর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ তিন কূটনৈতিক পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ।

এ হত্যাকাণ্ডকে গণহত্যার শামিল বলে মন্তব্য করে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, 'কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস দেখেছি। পালিয়ে আসা মানুষ তাদের সম্প্রদায়ের ওপর সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। যুক্তরাজ্য সরকার রোহিঙ্গাদের স্বদেশে ফেরার ব্যবস্থা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।'

কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি বলেন, 'বাংলাদেশ সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে ভালো কাজ করেছে। মানবাধিকার রক্ষায় এ সরকারের উদ্যোগ প্রশংসিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় এখন সম্মিলিতভাবে কাজ করতে হবে।'

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেন, 'রোহিঙ্গারা যেন নিজের দেশে ফিরতে পারেন, নির্যাতনের শিকার না হন সেজন্য আন্তর্জাতিকভাবে আরও জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন।'

কুতুপালং ক্যাম্প পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, 'রাষ্ট্রদূতরা নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্যানিটেশন, সুপেয় পানি সরবরাহ, শিক্ষা-স্বাস্থ্য সহ ক্যাম্পে উন্নয়নমূলক কাজে রোহিঙ্গাদের সম্পৃক্ততা প্রত্যক্ষ করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলা প্রু মারমা, ক্যাম্প ইনচার্জ মোঃ শামশুদ্দোজা উপস্থিত ছিলেন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.