Sylhet Today 24 PRINT

কারচুপির অভিযোগ এনে ৩ সিটিতেই ভোট বর্জনের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৫

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সাথে নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ভোট বর্জনের ঘোষণা দেন।

এদিকে সকালে ভোট দেয়ার পর পরই ভোট বর্জনের করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম আলম।

সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, "৫% মানুষও ভোট দিতে যায় নাই। এটা প্রহসনের নির্বাচন। এটা কোন নির্বাচনই হয় নাই। আমরা এই মুহূর্ত থেকে ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।" 

সরকারী দলের চিরকূট ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ মওদুদ আহমেদের। তিনি বলেছেন, আজকের নির্বাচনে ঢাকার দুই সিটিতে পাঁচ শতাংশ মানুষও ভোট দিতে পারেনি বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। 

এদিকে সকালে নিজেদের ভোট দেওয়ার পর তাবিথ আউয়াল ও মনজুর আলন নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সকাল সাড়ে আটটার দিকে নিজের ভোট প্রদান করার পর তাবিথ বলেছিলেন- তিনি এখন জয়ের পথে। 

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরুর পর তিন ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসানো মনিটরিং সেলে দুই দফা সংবাদ ব্রিফিং করে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার এ অভিযোগ করেন।

তিনি বলেন, “এখন যেভাবে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা চলছে, এরপর সুষ্ঠু নির্বাচন করার আর কোনো সুযোগ নেই।”

নির্বাচন কমিশনের কর্মকর্তারা ‘এর সঙ্গে সরাসরি যুক্ত’ অভিযোগ করে মাসুদ তালুকদার বলেন, “আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ চাই।”

ঢাকা উত্তরে ১০৯৩টি এবং দক্ষিণে ৮৮৯টি কেন্দ্র সিটি নির্বাচনের ভোট চলছে। সকাল থেকেই বিএনপির মনিটরিং সেল বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য লিপিবদ্ধ করছে।

সকাল ১০টায় প্রথম দফা ব্রিফিংয়ে এসে মাসুদ আহমেদ তালুকদার বলেন, “আমাদের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকায় পাঁচশর বেশি ভোটকেন্দ্র থেকে আমাদের সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়েছে। বলতে গেলে এক নীরব সন্ত্রাস চলছে।”

তিনি বলেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে যে আশ্বাসের বাণী শুনিয়েছিল, তা ইতোমধ্যে প্রহসনে পরিণত হয়েছে।”

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা ক্ষমতাসীনদের ‘দলীয় কর্মীর মতো’ আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

মাসুদ তালুকদার বলেন, “কিছু কিছু লোক পর্যবেক্ষকের ব্যাজ পড়ে সরকারি দলের পক্ষে কাজ করছে। সাধারণ ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারছে না।”

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.