Sylhet Today 24 PRINT

‘৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি কেন?’

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের মূর্তি অপসারণের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে এ ধরনের স্থাপনা থাকতে পারে না। এটি সরানো না হলে তারা গণআন্দোলনে নামতে বাধ্য হবেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাবুনগরী এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, "মূর্তিপূজক দেশ ভারত। সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সামনে কোনো মূর্তি নাই। ৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি কেন বসানো হলো, এর জবাব দিতে হবে।

সংবাদ সম্মেলন হেফাজত নেতারা বলেন, ন্যায়বিচারের প্রতীক হিসেবে হাইকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এটি সংবিধানের পরিপন্থী ও ইসলাম ধর্মের বিরোধী। এই মূর্তি অপসারণ করা না হলে গণআন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন নেতারা।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণে হেফাজত কয়েকটি কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান, ২৪ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও চট্টগ্রাম শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ এবং পরবর্তী সময়ে জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.