Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরের উক্তি গুরুত্বপূর্ণ মনে করি না : মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে চায় না বিএনপি- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের এসব উক্তির আমি জবাব দিতে চাই না। কারণ এগুলো গুরুত্বপূর্ণ মনে করি না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে অমর একুশে গ্রন্থমেলায় তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বই তিনটি হচ্ছে- অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘সুন্দরী শূণ্য’, জ্যেষ্ঠ সাংবাদিক রফিক মুহাম্মদের লেখা ‘পাখির আশা, পাখির বাসা’ ও জ্যেষ্ঠ সাংবাদিক মাইদুর রহমান রুবেলের লেখা ‘ভুতের রাজ্য’।

বিএনপির মহাসচিব বলেন, "আমরা আবারও নিশ্চিত করে বলতে চাই, এই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসি কখনোই নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না। কারণ তার দলীয় পক্ষপাতের ব্যাপারটি এখন জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে।"

তিনি বলেন, "নতুন সিইসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে পত্র-পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, তাতে প্রমাণিত হয় আমাদের অভিযোগ সঠিক ছিল।"

এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, তাঁর স্ত্রী লেখিকা সৈয়দা ফাতিমা সালাম, জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমীন, প্রকাশক রশীদুর রহমান ও অধ্যাপক আমিনুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.