Sylhet Today 24 PRINT

সারাদেশে মাংসের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ নির্যাতনের প্রতিবাদে ছয় দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। আগামীকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা মহানগরীর সব মাংসের দোকান বন্ধ থাকবে। তাতেও সমস্যা্র সমাধান না হলে সারাদেশে মাংসের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন বলে হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

মাংস ব্যবসায়ীরা জানান, আগামী ছয় দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মাংসের দোকান বন্ধ রাখা হবে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম অভিযোগ করেন, সীমান্ত থেকে গরুর হাট পর্যন্ত ২০ থেকে ৩০ হাজার টাকা গরু প্রতি চাঁদাবাজি হচ্ছে। সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় করা হয়।

সমাবেশে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেকসহ রাজধানীর মাংস ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.