Sylhet Today 24 PRINT

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে এমন দাবি মিথ্যা : সুলতানা কামাল

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে আছে- সরকারের পক্ষ থেকে বলা এমন কথাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

সুন্দরবনসংলগ্ন চিলা বাজারে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মোংলায় পশুর নদের ভাঙন ও দুই পাড়ের অধিবাসীদের রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমাদের বলা হচ্ছে যে, সুন্দরবন থেকে এটা (রামপাল) নিরাপদ দূরত্বে আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা কোনো সত্য ভাষণ নয়, সেটা মিথ্যাচার। এই মিথ্যাচার আমরা মেনে নিতে পারি না, কাজেই তাদের অবশ্যই সুন্দরবন যাতে ধংসপ্রাপ্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় সেটার ব্যবস্থা করে এমন কোনো জায়গায় এই প্রকল্প তারা সরিয়ে নিক যাতে আমরা নিশ্চিত হতে পারি যে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন এমন একটা সম্পদ এটা নিয়ে কোনোরকম ঝুঁকি আমরা নিতে পারি না। একটা বিজ্ঞানসম্মত পরিবেশ সমীক্ষা করে সরকারের এখানে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটা সরকার করেনি। আমরা তাদের টেন্ডার বিশ্লেষণ করে দেখেছি, তাদের বিভিন্ন তথ্য-উপাত্ত, বিভিন্ন যে ডকুমেন্ট রয়েছে সবকিছুই আমরা বিশ্লেষণ করেছি।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আরো বলেন, ‘আজকে তাঁরা বলছেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে করবেন, সেই ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা যে কথাটা বারবারই বলছি যে, কয়লা বিদ্যুৎকেন্দ্র এখন হয়তো একটা বাস্তব গ্রহণযোগ্যতা পেতে পারে; এই মুহূর্তে যেহেতু আমাদের অন্য কোনো উৎস নেই যেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। কিন্তু সুন্দরবন থেকে সেটা অবশ্যই সরিয়ে নিতে হবে।’

মহাসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশর সমন্বয়কারী শরীফ জামিল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সুন্দরবন একাডেমির মোংলার পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস ও মো. নূর আলম শেখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.