সিলেটটুডে ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদক জানায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদুজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জেল হোসাইন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য জানান, ২০১২ সালে এক ব্যক্তির দায়ের করা একটি দুর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া কর্মচারীদের অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠালে সহকারী পরিচালক ফজলুল বারী এর দায়িত্ব পান। তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে উপ-পরিচালক প্রণব জানান।