Sylhet Today 24 PRINT

সাংবাদিক শিমুল হত্যা : ৫ দিনের রিমান্ডে মেয়র মিরুসহ ছয় আসামি

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ ছয়জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে নেওয়া হয়। শুনানি শেষে বিচারক হাসিবুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুকে গ্রেপ্তার করে।

আদালত প্রাঙ্গণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকেই শাহজাদপুর কোর্ট চত্বরে র‌্যাব-পুলিশের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদালত চত্বর ও বাইরে সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে মেয়রের বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় মেয়র মিরু ও তার ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে কর্তব্য পালনকালে মেয়রের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুতর আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। এরপর পুলিশ মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে শাহজাদপুর থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। তবে শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্রের একটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.