Sylhet Today 24 PRINT

বিচারকদের শৃঙ্খলাবিধি: সময় পেল রাষ্ট্রপক্ষ

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সময় দেন।

আদালত বলেছেন, আশা করি এই সময়ের মধ্যে সরকার বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করবে।

এর আগে রবিবার সকালে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে বার বার সময়ের আবেদনের কারণ জানতে চান আপিল বিভাগ। বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে রাষ্ট্রপক্ষ আবারও সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৮ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।

গত ৫ ফেব্রুয়ারি বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আপিল বিভাগ। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল আপিল বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.