Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালকারী সেই নারী ২ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জালকারী মোছা. হাছিনা বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালিক সোমবার আদালতে হাছিনা বেগমের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম আদালতে রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক হাছিনা বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার এক ছাত্রীকে ভর্তি করাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে একটি সুপারিশপত্র দেন ওই নারী। সুপারিশপত্রটি দেখে সন্দেহ হলে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস সাংবাদিকদের জানান, আটককৃত হাছিনা বেগম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছিল। সে নিজেকে গণভবনের বাবুর্চি হিসেবে পরিচয় দিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন ওই সুপারিশপত্র দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.