Sylhet Today 24 PRINT

ভাস্কর্য অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টকে হেফাজতের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যকে 'গ্রিক দেবীর মূর্তি' আখ্যায়িত করে তা অপসারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব আতিকুস সামাদ মাজার গেট থেকে এ স্মারকলিপি গ্রহণ করেছেন।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও নায়েবে আমির নূর হোসাইন কাসেমী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে সম্প্রতি ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর মূর্তি স্থাপনে বাংলাদেশের আপামর জনগণ বিস্মিত হয়েছেন। এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। একজন নারীর এ ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ডান হাতে তলোয়ার আর বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে নারীটি দাঁড়িয়ে আছেন। হাতের তলোয়াড়টি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা উপরে ধারণ করা।

এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভের মতো কর্মসূচি দিয়েছে।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসকে দ্বিতীয়বারের মতো দেওয়া হল এই স্মারকলিপি। এর আগে গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে প্রাঙ্গণ ও জাতীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের জন্য আবেদন করেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.