Sylhet Today 24 PRINT

সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধানুষ্ঠানে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়ে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।

জীবৎকালে  সংবিধান, সংসদ ও বিচারবিভাগ নিয়ে প্রধান বিচারপতির সাথে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন আইন, বিচার সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’ বলে বক্তব্য দিয়ে প্রধান বিচারপতি অনধিকার চর্চা করেছেন বলেও মনে করেছিলেন বাংলাদেশের শাসনতন্ত্রের অন্যতম এই প্রণেতা। সেসময় প্রধান বিচারপতিকে কম কথা বলারও 'পরামর্শ' দিয়েছিলেন সরঞ্জিত।

তবে মৃত্যুর পর সুরঞ্জিতের মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন এসকে সিনহা। আজ শ্রাদ্ধানুষ্ঠানেও হাজির হন দেশের বিচার বিভাগের শীর্ষ এই ব্যক্তি।

শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম জানিয়েছেন, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনের শ্রাদ্ধ সম্পন্ন হয়। এসময় অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, চিফ হুইপ আসম ফিরোজ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, সিনিয়র আইনজীবী ড কামাল হোসেন, সুব্রত চৌধুরী, সাংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, অপু উকিল, সুভাষ সিংহ রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সুরঞ্জিতে সেনগুপ্তের নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা।

সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত ও পুত্র সৌমেন সেনগুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.