Sylhet Today 24 PRINT

বন্দুকযুদ্ধে জেএমবির সমন্বয়ক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বগুড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে গুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহত মুছা ওরফে তালহা ওরফে সামিউল ওরফে রবিন গুলশান হামলার অন্যতম আসামি রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম জানান, গতকাল দিবাগত রাতে পুলিশের টহল গাড়ি দুর্গাপুর এলাকার পাতাঞ্চ এলাকায় যায়। সে সময় পুলিশের গাড়িকে লক্ষ্য করে জেএমবির সদস্যরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হন জেএমবি নেতা আবু মুসা। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

তিনি আরো জানান, আবু মুসা পাবনা, নাটোর ও কুষ্টিয়া জেলা জেএমবির প্রধান সমন্বয়ক। তিনি বিভিন্ন সময়ে আবু তালহা, আবু জার, আবু সামিউল ও রবিন নাম ব্যবহার করেছেন। মুসা পাঁচটি হত্যা মামলার প্রধান আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.