নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
ব্লগার ও স্থপতি আহমেদ রাজীব হায়দার হত্যার ৫ম বার্ষিকী আজ (১৫ ফেব্রুয়ারি)। রাজীব হায়দার ছিলেন ব্লগার ও গণজাগরণ আন্দোলন কর্মী। তিনি ব্লগে 'থাবা বাবা' নামে লিখতেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের কালশীতে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। ব্লগে লেখালেখির কারণে জঙ্গিগোষ্ঠীর হুমকির মুখে থাকা রাজীব হত্যার পর সন্দেহের তীর ছিল উগ্রপন্থিদের দিকে।
এ ঘটনায় তাঁর বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন।
২০১৪ সালের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২৮ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ৩১ ডিসেম্বর রায় ঘোষণা করেন। গণজাগরণ মঞ্চের কর্মী, ব্লগার, লেখক-প্রকাশকদের হত্যাকাণ্ডের মধ্যে রাজীব হত্যার রায়ই প্রথম হয়।
রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পলাতক রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ হয়। ওই দুজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও হয়। অন্যদের মধ্যে মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়। সাদমান ইয়াছির মাহমুদকে ৩ বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বিচারিক আদালত। মুফতি রাহমানীকে ৫ বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুমাসের বিনাশ্রম কারাদণ্ড হয়।
হত্যার উস্কানিদাতা হিসেবে মুফতি রাহমানীর যে দণ্ড হয়েছিল, তাতে অসন্তোষ জানিয়ে রাজীবের বাবা বলেছিলেন, রায়ে তিনি সন্তুষ্ট নন।
এ রায়ের পর মামলার নথিপত্র ২০১৬ সালের ১৭ জানুয়ারি হাইকোর্টে আসে।পরে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেন। গত বছরের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) এবং আসামিদের আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় ওঠে। বিচারিক আদালতের রায়ে কোনও আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদন লাগে। আর এ অনুমোদনই ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।
গত ৯ জানুয়ারি উভয়পক্ষের শুনানি শেষ করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ডেথ রেফারেন্সের আপিলের রায় হতে পারে যেকোনো দিন।