সিলেটটুডে ডেস্ক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের পরামর্শেই তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসনেকে মন্ত্রীসভা থেকে বাদ দেওয়া হয়েছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পরামর্শেই জেলে পাঠানো হয় তৎকালীন যোগােযাগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মা সেতু ইস্যুতে অনির্ধারিত আলোচনায় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন বলে জানা গেছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি এবং বিশ্বব্যাংককে এই অভিযোগের প্রমাণ দিতে হবে- আমি এই চ্যালেঞ্জ দিলেও সেসময় আমাদের অর্থমন্ত্রী ও আমার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা দুজনেই আমাকে বলেছিলেন, একে বাদ দেন, ওকে জেলে দেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। এভাবেই তারা একের পর এক শর্ত জুড়ে দিতে লাগলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যের প্রমাণ একদিন ঠিকই বেরিয়ে আসে। সত্যের পক্ষে থাকলে একদিন তা ঠিকই প্রমাণ হয়। যখন দুর্নীতির অভিযোগ করা হলো, তখনতো তারা টাকাই দেয় নাই। তাহলে দুর্নীতি হলো কিভাবে? সেদিন তাদের কথায় আমাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছিল। ওই সিদ্ধান্তগুলো নেওয়া হয়তো ঠিক হয় নাই। মন্ত্রীকে বাদ দেওয়া, সচিবকে জেলে দেওয়া।’ এতে তারা সমাজে হেয় হয়েছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিনের আমার সেই চ্যালেঞ্জই তো আজ সত্য প্রমাণিত হয়েছে।’
মন্ত্রীসভার একাধিক সদস্য জানান, ওই সময় বলা হয়েছিল, মন্ত্রিসভা থেকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দিলে এবং তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে কিছু দিনের জন্য জেলে দিলেই বিশ্বব্যাংক নমনীয় হবে। তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়া যাবে। এ ক্ষেত্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের ভূমিকা ছিল অগ্রগণ্য। যা প্রধানমন্ত্রীও সোমবার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন।
মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) মিটিংয়েও উঠে আসে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের পক্ষ থেকে করা দুর্নীতির ইস্যুটি। কানাডার আদালত মামলাটিকে অনুমান ভিত্তিক বলে খারিজ করে দিয়েছে চলতি বছরের জানুয়ারিতে। রায়টি প্রকাশিত হয় ফেব্রুয়ারিতে। ঘটনাটি কানাডার টরেন্টো স্টার পত্রিকা সূত্রে জানা গেছে।
একনেকের বৈঠকেও প্রধানমন্ত্রী পুনরায় বলেছেন, ‘এই ঘটনায় দুজন নিরীহ ব্যক্তির ওপর অন্যায় করা হয়েছে।’ তিনি সে সময়কার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার নাম উল্লেখ করে বলেছেন, ‘এদের একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে হয়েছে। আর সচিবকে জেলে যেতে হয়েছে। এ বিষয়টি সমাজে তাদের ইমেজকে হেয় ও ক্ষুণ্ন করেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই অভিযোগ তোলা না হলে ২০১৬ সালের আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হতো এবং আমাদের জিডিপি ৮ শতাংশের ঘর অতিক্রম করতো। কারণ অর্থনীতি বিশ্লেষকদের মতে, পদ্মা সেতু চালু হলে দক্ষিণবঙ্গসহ দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সৃষ্টি হবে। যা জিডিপিতে ১ দশমিক ২ শতাংশ অবদান রাখবে।’
সূত্র : বাংলাট্রিবিউন