Sylhet Today 24 PRINT

পদ্মাসেতু দুর্নীতির ‘মিথ্যা গল্প’ সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হাইকোর্টের রুল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কেন কমিশন বা কমিটি গঠনের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেয়।

ষড়যন্ত্রে লিপ্ত অপরাধীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব,স্বরাষ্ট্রসচিব,পুলিশের মহাপরিদর্শক,যোগাযোগ সচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়াও উল্লেখিত বিষয়ে কমিটি বা কমিশন গঠন ও কি পদক্ষেপ নেয়া হয়েছে, তা ৩০ দিনের মধ্যে হাইকোর্টকে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

উল্লেখ্য, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের মামলা ‘অনুমানভিত্তিক’ উল্লেখ করেছে খারিজ করে দিয়েছে কানাডার একটি আদালত।মামলার বিচারক নরডেইমার চলতি বছরের জানুয়ারিতে এই রায় দিলেও শুক্রবার পর্যন্ত তা প্রকাশে নিষেধাজ্ঞা ছিল। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগে ২০১৩ সাল থেকে বিশ্বব্যাংকের সব উন্নয়ন প্রকল্পে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকেও মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.