Sylhet Today 24 PRINT

মিতুর ব্যবহৃত সিম মিললো রিকশাচালকের কাছে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মোবাইলের সিম পাওয়া গেল ভোলার এক রিকশাওয়ালার কাছে।

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান 'গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার ভোলার জেলার লালমোহন উপজেলা থেকে সিমটি উদ্ধার করে। তবে মিতুর ফোনটি পাওয়া যায়নি'

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগদানের কয়েক দিনের মধ্যেই আততায়ীদের হাতে খুন হন তার স্ত্রী মিতু।

গতবছর ৫ জুন সকালে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের ও আর নিজাম রোডে খুন হন তিনি।

এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আট মাস পরও।

ওই ঘটনায় বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তকালীন সময়ে বাবুল আক্তার নিজে,তার বাবা-মা ও মিতুর বাবা-মা কয়েক দফায় চট্টগ্রাম এসে তদন্ত কর্মকর্তার সাথে দেখা করেছেন।

মিতুর মা সাহেদা মোশাররফ নীলা গত ২৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তার সাথে দেখা করে সাংবাদিকদের বলেন,তিনি তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন মিতুর মোবাইল ফোনটি এখনও সচল আছে। ঢাকার এক অটোরিকশা চালক মোবাইল সিমটি ব্যবহার করছেন এবং তার সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান,ওই রিকশাচালক কবে সিমটি পেয়েছেন তা জানতে পারেননি, তবে তিনি মাঝে মাঝে অটোরিকশাও চালান।

তবে ওই রিকশাচালককে গ্রেপ্তার করা হয়নি বলে অতিরিক্ত উপ-কমিশনার জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.