Sylhet Today 24 PRINT

‘সুরঞ্জিত নিজেই একটি ইন্সটিটিউট ছিলেন’

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

সুরঞ্জিত সেনগুপ্ত শুধু একজন সংসদ সদস্যই ছিলেন না, তিনি নিজেই একটি ইনস্টিটিউট। আমরা চাইলেই তাঁর শূন্যস্থান পূরণ করতে পারবো না।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক কমিটি আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

স্মরণ সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার পর আমি পার্লামেন্টে এসেছিলাম বরিশাল থেকে আর সুরঞ্জিত এসেছিলেন সিলেট থেকে। আমাদের মধ্যে একটা পার্থক্য ছিলো। আমি ছিলাম আওয়ামী লীগের সাংসদ আর তিনি ছিলেন স্বতন্ত্র। সেই সময় স্বতন্ত্র থেকে  পাশ করে আসা খুব একটা সহজ ছিলো না। তারপরও পার্লামেন্টে তার ভূমিকা ছিলো সব সময় অন্যাদের থেকে আলাদা। অনেক  সময় দেখা গেছে- তিনি বঙ্গবন্ধুরও বিরোধিতা করতেন। তাতে কিন্তু বঙ্গবন্ধু মনক্ষুণ্ণ হতেন না। সব সময় কাছে ডেকে তার কথা শুনতেন।

তিনি বলেন, তাঁকে (সুরঞ্জিত) হারিয়ে আজ আমরা দিশেহারা। পার্লামেন্টে তাঁর শূন্যতা আজ আমরা অনুভব করছি। চাইলেই তাঁর মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান আমরা পাবো না।

শিল্পমন্ত্রী বলেন, ৭২ এর সংবিধান ফিরিয়ে আনার ক্ষেত্রেও তাঁর ছিলো অগ্রণী ভূমিকা। সুযোগ থাকলেও রাষ্ট্র ধর্ম ইসলামকে আমরা বাদ দিতে পারিনি। সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান হিসেবে তিনি একক সিদ্ধান্তে ইসলামকে বাদ দিতে প্রস্তুত ছিলেন। আমরা অনেক কষ্টে বুঝিয়ে তাকে রাজি করাই। কো-চেয়ারম্যান হলেও প্রকৃত অর্থে তিনিই ছিলেন চেয়ারম্যান। চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় সবকিছু তাকেই দেখতে হয়েছে।

২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট যখন গ্রেনেড হামলা হলো, আমি আর সুরঞ্জিত ট্রাকের কাছেই ছিলাম। দু’জনই আহত হয়েছিলাম। আজ তাঁর না থাকার দিনে তাকে আরও বেশি মনে পড়ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার বলেন, ৯৬-এ আমি যখন পার্লামেন্টে সদস্য হয়ে এলাম, অভিভাবক হিসেবে সুরঞ্জিত দা'কে পেলাম। পার্লামেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় তিনি চটজলদি সমাধান দিতেন। দেখা যাচ্ছে, আমরা কোনো আইন সম্পর্কে বুঝতে পারছিনা, তাঁর কাছে চলে যেতাম। তাঁর কোনো বই লাগতো না। তিনি ছিলেন নিজেই একটি ইনস্টিটিউট। যেকোনো বিষয়ে বই ছাড়াই ব্যাখা দিয়ে আমাদের বুঝিয়ে দিতেন।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রামেন্দু মজুমদার, সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মিনী জয়া সেন গুপ্ত, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.