সিলেটটুডে ডেস্ক | ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
ফের হাসপাতালে ভর্তি হচ্ছেন ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। ফুসফুসে সংক্রমণ থেকে পিঠে ব্যথার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আতিকুল হকের অধীনে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'থাইল্যান্ডের চিকিৎসক বলেছিলেন— পিঠের ব্যথা সেরে যাবে। কিন্তু কোনো উন্নতি হয়নি। ব্যথা খুব বেড়ে গেছে। তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র শুক্রবার বিএসএমএমইউতে পাঠানো হয়েছিল। শনিবার সকালে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বাবাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পর্যবেক্ষণের পর অধ্যাপক আতিকুল হকের অধীনে তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন। যেহেতু আজ (শনিবার) তার ৮১তম জন্মদিন, তাই কয়েক ঘণ্টার জন্য হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনা হয়েছে। সেখানে তিনি সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবেন। পরে তাকে হাসপাতাল নেওয়া হবে। সেখানে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা নেবেন।'
অধ্যাপক আনিসুজ্জামান পিঠে ব্যথার সমস্যা নিয়ে জানুয়ারিতে ব্যাংকের একটি হাসপাতালে চিকিৎসা নেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরে আসেন তিনি।