Sylhet Today 24 PRINT

সাংসদকে ছানোয়ারকে ওবায়দুল কাদেরের অপমানের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হন এমপি মো. ছানোয়ার হোসেন। নাটোর থেকে মন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি দেন। কটেজে বিশ্রামের সময় তিনি জিজ্ঞেস করেন রাতের খাওয়ার আয়োজন কে করেছে?

জবাবে ছানোয়ার হোসেন এমপি জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী তাঁর খাবারের আয়োজন করেছেন। কিন্তু এমপি সোহেল হাজারী ওই সময় উপস্থিত না থাকায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হন। রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন তিনি।

চ্যানেল আই অনলাইন আরও জানায়, এ সময় ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ করেন এবং হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি রাস্তায় রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে চলে আসবেন বলে জানান। একথা শুনে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এমপি ছানোয়ারকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন ও অন্যান্য নেতাকর্মীদেরও গালমন্দ করেন। এতে নেতাকর্মীরা হতভম্ব হয়ে যান।

পরে আবার মন্ত্রী রিসোর্ট ছাড়ার আগে এমপি ছানোয়ারের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন।

এমপি ছানোয়ার জানান, মন্ত্রী ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক। তিনি আমার বড় ভাই। তিনি শাসন করতে পারেন এবং আমাদের আদরও করবেন। তিনি যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.