Sylhet Today 24 PRINT

বুলুসহ বিএনপির ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

নাশকতার মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রাজধানীর শেরে বাংলানগর থানার নাশকতার একটি মামলায় এ আদেশ দেন। আজ অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক এ পরোয়ানা জারি করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, মো. রুহুল কুদ্দস তালুকদার দুলু এবং আজিজুল বারী হেলাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশে আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। শেরেবাংলা নগর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে তখন এ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ জুলাই শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.