Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ-মিশুক মুনীর নিহতের মামলার রায় ২২ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

জামিনে থাকা এই মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করে। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.