Sylhet Today 24 PRINT

পোস্টার-ব্যানার সরিয়ে নিয়ে পরিচ্ছন্ন ঢাকা গঠনের আহ্বান নবনির্বাচিত মেয়র আনিসুলের

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিবনির্বাচিত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর নগরবাসীর প্রতি ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি পরিচ্ছন্ন-সবুজ-পরিবেশবান্ধব ঢাকা গড়তে নির্বাচনকালীন সময়ে লাগানো প্রচারণা সরঞ্জাম সরিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আনিসুল হকের ফেসবুক পেজের একাধিক পোস্টে তিনি এসব আহ্বান, ধন্যবাদ এবং সবুজ নগরী গড়ার প্রত্যয় ঘোষণা করেন।


ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আনিসুল হক বলেন- ‘আমরা যারা একটি সুন্দর ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলাম তারা শহরের বিভিন্ন স্থানে অসংখ্য পোস্টার, ব্যানার, স্টিকার স্থাপন করেছি। নির্বাচনে প্রার্থী হিসেবে আমাদের প্রত্যয় ছিল পরিচ্ছন্ন-সবুজ-পরিবেশবান্ধব ঢাকা। তাই যারা নির্বাচিত হয়েছি ও যারা হইনি সবারই উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে নিজেদের এসব ব্যানার, পোস্টার অপসারণ করা। বিশেষ করে বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই পলিথিন ব্যাগের ভেতরে ভরে পোস্টার টাঙ্গিয়েছেন, জলাবদ্ধতার ঢাকায় যা খুবই বিপজ্জনক। সিটি করপোরেশনও আমাদের সহায়তা করবে নিশ্চই। আমরা সবাই মিলেই গড়ে তুলব আমাদের পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব ঢাকা’।

অপর এক ফেসবুক স্ট্যাটাসে আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা যারা তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাসা পর্যন্ত এসেছেন তাদের সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন- ‘আজ সকালে সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীরা আমার সাথে দেখা করতে এসেছিলেন. আমি তাদের সাথে দেখা না করে তাদের কে অনুরোধ করেছি কাজ এর সময় নষ্ট না করে জনগণ এর জন্য গিয়ে কাজ করতে. তাদের সাথে আমার দেখা হবে যখন আমি সিটি কর্পোরেশন অফিস এ কাজ করা শুরু করবো’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.