Sylhet Today 24 PRINT

নিরাপত্তার চাঁদরে ঢাকা পড়েছে কেন্দ্রীয় শহীদ মিনার

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশাপাশের এলাকাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সার্বিক নিরাপত্তা সম্পর্কে এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে ফেব্রুয়ারি শান্তিপূর্ণ পরিবেশে শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।  এসময় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, শহীদ মিনার ও এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এজন্য মৎস্য ভবন থেকে নিউমার্কেট এবং দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এসব এলাকার প্রতি ইঞ্চি সিসিটিভির ফুটেজ কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।

এছাড়াও তিনি বলেন,  ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (দিবাগত মধ্যরাত) ভিভিআইপি ও ভিআইপিরা আসার আগে থেকে শহীদ মিনার ও এর আশপাশের পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারের নিরাপত্তায় থাকবে ৪টি ওয়াচ টাওয়ার। আগত সবাইকে আর্চওয়ে গেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হবে। ডিএমপি কমিশনার আরো বলেন,সার্বক্ষণিক দায়িত্বে থাকবে সোয়াট, বম্ব ডিস্পোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.