Sylhet Today 24 PRINT

শ্রদ্ধা জানাতে মূল বেদিতে উঠে সমালোচিত খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

যেখানে রীতি অনুযায়ী খালি পায়ে দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে মূল বেদিতে পুষ্পাঞ্জলি রেখে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সবাই। সেখানে বিএনপি চেয়ারপারসন তাঁর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মূল বেদির যে স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ঠিক সেখানে উঠে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

আর তাই কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে সর্বোচ্চ ধাপে উঠে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত বছর অমর একুশে ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় চেয়ারপারসনের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা জুতা পায়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

এবার জুতা পায়ে না উঠলেও মূল বেদির যে স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ঠিক সেখানে উঠে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। এর ফলে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন। আর অনেকে মনে করছেন, শহীদদের রক্তে ভেজা মূল বেদিতে উঠায় শহীদদের অসম্মান করা হয়েছে।

আর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজান্তিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ মনে করছেন এর মধ্য দিয়ে শহীদ মিনারের ‘পবিত্রতা নষ্ট করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে এরকম ব্যবহার অপ্রত্যাশিত। তাদের জেনে আসা উচিত শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের কোথায় পর্যন্ত উঠা যায়।’ তাই তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল বেদীতে ফুল দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, ১৪ দলীয় জোট, মুক্তিযোদ্ধা সংগঠন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তিন বাহিনীর প্রধান, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনীতিক ও হাইকমিশনার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের কাউকেই মূল বেদির উপরে উঠতে দেখা যায়নি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে লাখো মানুষের ঢল নামে। সাধারণ জনতা বেদীর পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন। তাদের শ্রদ্ধার ফুলগুলোও মূল বেদিতে এনে জড়ো করে রাখতে থাকেন রোভার স্কাউটসের সদস্যরা।

রাত ১টা ২০ মিনিটের পর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢোকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১টা ২৫ মিনিটের দিকে হুড়োহুড়িতে শহীদ মিনারের মূল বেদিতে উঠে যান খালেদা জিয়া ও তার দলের অন্য নেতারা। এরপর সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় ধাক্কাধাক্কিতে বিএনপির কয়েকজনকে শ্রদ্ধার ফুলও পদদলিত করতে দেখা যায়।

এতে সেসময় রোভার স্কাউটসের একজন সদস্যকে বলতে শোনা যায়, ‘শ্রদ্ধা জানাতে এসে এসব কি করছেন তারা?’

গত বছর শহীদ মিনারে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবীদের হাতাহাতির ঘটনা ঘটে। অবশ্যর বিএনপি ওই ঘটনার জন্য  পুলিশ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের দায়ী করে।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শহীদ মিনারের এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আর মূল বেদিতে ওঠা নিয়ে ‘শাসকদল’ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.