Sylhet Today 24 PRINT

লিটন হত্যা : জাপার সাবেক সাংসদ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৭

আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ওই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি মো. আবদুল কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের রহমান নগরের নিজ বাসা থেকে কাদের খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বার্তা সংস্থা ইউএনবিকে জানান, এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল বগুড়া পুলিশের সহযোগিতায় আজ বিকেল ৫টার দিকে সাবেক এমপি আবদুল কাদের খানকে গ্রেপ্তার করেছে। এরপর তাঁকে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়।

এর আগে গত শুক্রবার ভোর থেকে আবদুল কাদের খানের বগুড়ার বাসা ঘিরে রেখেছিলেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। রহমাননগরের চারতলা ওই বাসায় কাদের খানের গরীব শাহ ক্লিনিক। ক্লিনিকের ওপরতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।

গত ১৫ ফেব্রুয়ারি পুলিশ কাদের খানের গাড়িচালক হান্নান ও ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম মেহেদীকে গাইবান্ধার কদমতলী থেকে গ্রেপ্তার করে।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিজ বাসভবনে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.