Sylhet Today 24 PRINT

এমপি লিটন হত্যা : সাবেক সাংসদ ১০ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তারকৃত একই আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সাংসদ কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার মো. আশরাফুজ্জামান আদালতে গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া শহরের রহমান নগরের নিজ বাসা থেকে কাদের খানকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এর আগে গত শুক্রবার ভোর থেকে আবদুল কাদের খানের বগুড়ার বাসা ঘিরে রেখেছিলেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। রহমাননগরের চারতলা ওই বাসায় কাদের খানের গরীব শাহ ক্লিনিক। ক্লিনিকের ওপরতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিজ বাসভবনে গুলি করে দুর্বৃত্তরা। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.