Sylhet Today 24 PRINT

বাবুল আক্তারকে গ্রেপ্তারের মতো প্রমাণ পাওয়া যায়নি: আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তারের মতো প্রমাণ পাওয়া যায় নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, বাবুল আক্তারকে গ্রেপ্তার করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এমন মন্তব্য করেন।

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন আইজিপি।

মাহমুদা হত্যা মিতু মামলার অন্যতম সন্দেহভাজন কামরুল শিকদার ওরফে মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার পরও কেন তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এই প্রশ্নে শহীদুল হক বলেন, ‘নির্দিষ্ট সময় অপেক্ষা করে তার (মুছা) অনুপস্থিতিতে অভিযোগপত্র দেওয়া হবে।’

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। আর ৬ অক্টোবর চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা দেন।

মাহমুদা খানম মিতু হত্যার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মনির হোসেন নামের আরেক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এহতেশামুল হক ও মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন মো. কামরুজ্জামান। তদন্ত শেষে গত ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২২ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.