Sylhet Today 24 PRINT

বিদেশে যাওয়ার অনুমতি পেলেন শফিক রেহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিমানবন্দরে আটকে দেবার কয়েক ঘণ্টা পর সাংবাদিক শফিক রেহমানকে ফের বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই অনুমতি পেয়েছেন বলে জানান শফিক রেহমান।

তিনি জানান, দুপুর একটার দিকে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিদেশ ভ্রমণে কোন বাধা নেই।

টার্কিশ এয়ারলাইন্সের আগামীকাল সকালের ফ্লাইটে শফিক রেহমান লন্ডন যেতে চান বলে জানিয়েছেন। তিনি বলেন, "আমি কোন কনফারেন্স বা মিটিং এ যাচ্ছি না, আমার স্ত্রীর একটি বড় অপারেশন হবার কথা ২৭শে ফেব্রুয়ারি, এখন তার পাশে থাকা দরকার আমার। এটা একটা মানবিক কারণ।"

লন্ডন যাওয়ার প্রয়োজনীয় সমস্ত অনুমতিও তার রয়েছে বলে জানিয়েছেন শফিক রেহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ই এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে গত সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.