Sylhet Today 24 PRINT

দুই-একদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন খাদিজা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

খাদিজা অনেকটা সুস্থ, নিজের কাজ নিজে করতে পারছেন এবং তার স্মৃতিশক্তি ফিরে এসেছে জানিয়ে ডাক্তাররা জানিয়েছেন দুই একদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন তিনি।

গত বছরের ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে মারাত্মকভাবে আহত হওয়া খাদিজা বর্তমানে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছেন। আহত হওয়ার পর তিনি প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে হলে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে কর্তৃপক্ষ। সিআরপিতে চিকিৎসাধীন খাদিজা ও তার চিকিৎসকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিআরপি মেডিকেল সার্ভিসেস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল বলেন, খাদিজা এখন কথা বলতে পারেন; হাঁটাচলা করতে পারেন। তিনি দৈনন্দিন সব কাজই করতে পারেন। তার স্মৃতিশক্তিও ফিরে এসেছে।

তিনি বলেন, সিআরপিতে দীর্ঘ তিন মাসের চিকিৎসার পর খাদিজা এখন প্রায় সুস্থ। দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন তিনি।

তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে খাদিজাকে আরও কয়েক বছর চিকিৎসা নিতে হবে বলেও জানান তিনি।

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা।

গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর খাদিজাকে সিআরপিতে ভর্তি করা হয়।

খাদিজাকে হত্যাচেষ্টার মামায় বদরুল এখন কারাগারে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.