সিলেটটুডে ডেস্ক | ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
গ্যাসের দাম বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, “বিদ্যুৎ খাতে গ্যাসের প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দামও আমরা অ্যাডজাস্ট করতে চাই।”
এ বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ভবিষ্যতে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করার লক্ষ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবে।”
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার বিভিন্ন খাতে গ্যাসের দাম মার্চ ও জুনে দুই ধাপে গড়ে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু তাতে আবাসিক গ্রাহকদের রান্নায় ব্যবহৃত গ্যাস ও বাণিজ্যিক সংযোগে দাম বেড়েছে ৫০ শতাংশ।
গ্যাসের দাম বৃদ্ধির পর বিভিন্ন মহলে সমালোচনার প্রেক্ষিতে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে ৩০-৩৫ লাখ গ্রাহক পাইপ লাইনে গ্যাস পায়, বাকি কোটি কোটি লোকের কথাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের দায়িত্ব হল সারা বাংলাদেশে আবাসিক খাতে নিরবচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া, আমরা সেদিকেই যাচ্ছি।”
তিনি বলেন, “আমরা ধীরে ধীরে পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে সরে আসতে চাই, এলপিজির ব্যবহার বাড়াতে চাই এবং এলপিজির দাম সহনীয় রাখতে চাই।”
এর আগে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়িয়েছিল শেখ হাসিনার সরকার। তখন বিদ্যুতের দামও ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়।