সিলেটটুডে ডেস্ক | ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
রাজধানীর লালবাগ চৌরাস্তা এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধ আট জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- সাব্বির (২২), মকবুল হোসেন (৩৫), সবুজ (২০), মারুফ হোসেন (২০), ফারজানা পান্না (২৮), সোনাম উদ্দিন (৫০) ও হজরত আলী (৪৫)।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল সাংবাদিকদের জানান, দগ্ধ আট জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।