Sylhet Today 24 PRINT

সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থেই গ্যাসের দাম বৃদ্ধি : আনু মুহাম্মদ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন দেশি-বিদেশি কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে জানিয়ে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করতে গিয়ে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বিদেশি কোম্পানির স্বার্থেই বাপেক্সকে পঙ্গু করে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সুন্দরবনবিনাশী প্রকল্প, গ্যাস বিদ্যুতের দামবৃদ্ধি, উন্নয়নের নামে ঋণ ও দুর্নীতিনির্ভর প্রকল্প এগুলো পরস্পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন কার্যত দেশি-বিদেশি কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে। দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের প্রাকৃতিক সুরক্ষা প্রাণের সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও কমিটির ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী ও আকবর খানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন টিপু বিশ্বাস, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, বহ্নি শিখা জামালী, ফিরোজ আহমেদ, ফখরুদ্দিন কবির আতিক, শওকত হোসেন আহমেদ, নাসিরউদ্দিন নাসু, মাসুদ খান, শামসুল আলম, শিল্পী কফিল আহমেদ, শিল্পী অরূপ রাহী, আমিরুন নুজহাত মনিষা, তুহিন কান্তি দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে গ্যাস অনুসন্ধানে জাতীয় সক্ষমতা কাজে লাগানোসহ জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে দেশের সুলভ পরিবেশবান্ধব, টেকসই জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করার কথাও বলেন বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.