সিলেটটুডে ডেস্ক | ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে দোষ স্বীকার করেছেন জাতীয় পার্টির সাবেক এমপি আবদুল কাদের খান।
শনিবার (২৫ ফেব্রারুয়ারি) রাতে গাইবান্ধার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফের খাসকামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এমপি লিটন হত্যা মামলায় এই নিয়ে পাঁচজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিচারিক হাকিমের আদালতে ১০ দিনের রিমান্ডে থাকাবস্থায় ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানকে হাজির করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে রাত পৌনে ১০টার দিকে তাঁকে আদালত থেকে বের করে কারাগারে পাঠানো হয়।
পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বশির আহমেদ এসব তথ্য জানিয়ে সাংবাদিকদের জানান, আগামী ১৫ দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। তিনি জানান, প্রতিহিংসার বশবর্তী হয়ে ও ক্ষমতার লোভে এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন সাবেক এমপি আবদুল কাদের খান। এ ছাড়া তিনি অর্থ জোগানসহ তাঁর গ্রামের বাড়িতে নিজের গাড়ির চালকসহ অন্যদের নিয়ে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এদিকে সাবেক এমপি কাদেরের দেওয়া তথ্য অনুসারে বুধবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানবাড়ী) গ্রামের বাড়ির আঙিনার উত্তর পাশের দেয়াল ঘেঁষে মাটির নিচ থেকে ছয়টি গুলিসহ একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।