Sylhet Today 24 PRINT

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়‍ানোর সরকারি সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ১ জুন থেকে ৯০০ এবং ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তটি স্থগিত থাকবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গ্যাসের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে একটি রিট আবেদন করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে স্থপতি মোবাশ্বের হাসান।

রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪ অনুযায়ী বছরে একবারের বেশি গ্যাসের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। অথচ এই দফায় একবারেই দুই ধাপে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্য বৃদ্ধির কথা। কিন্তু এবারের মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২৩ ফেব্রুয়ারি এক ঘোষণায় দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধি করে। প্রথম দফায় আগামী পহেলা মার্চ এবং দ্বিতীয় দফায় আগামী পহেলা জুন থেকে নতুন মূল্যহার কার্যকর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.