Sylhet Today 24 PRINT

আজ থেকে বাড়ছে জ্বালানি গ্যাসের দাম

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৭

আজ (১ মার্চ) থেকে বাড়ছে বাসাবাড়িসহ সব খাতে ব্যবহৃত জ্বালানি গ্যাসের দাম। আট শ্রেণিতে ব্যবহৃত গ্যাসের অভিন্ন মূল্য বৃদ্ধির হার হবে ১১ শতাংশের কিছু বেশি। যদিও বিইআরসির ঘোষণা ছিল ১ মার্চ ও ১ জুন থেকে দুই ধাপে গ্যাসের দাম বাড়ানো হবে ২২.৭ শতাংশ। তবে মঙ্গলবার আদালতের গ্যাসের দ্বিতীয় দফা মূল্য বৃদ্ধি ছয়মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

এর আগে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সর্বশেষ আবাসিকসহ কয়েকটি খাতে জ্বালানি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করা হয়। এরপর ১৮ মাসের মাথায় আবারও জ্বালানি গ্যাসের দাম বাড়ছে।

জ্বালানির মূল্য নির্ধারণকারী সরকারি সংস্থা ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’-বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলাম ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, মানুষের পকেটের কথা চিন্তা করে এবার সমান ভাগে বিভক্ত দুই ধাপে জ্বালানি গ্যাসের দাম ২২.৭ শতাংশ বাড়ানো হচ্ছে। প্রথম ধাপটি ১ মার্চ থেকে এবং দ্বিতীয় ধাপটি ১ জুন থেকে শুরু হবে।

বিইআরসি জানিয়েছে, প্রথম ধাপে এক বার্নারে (প্রতি মাসে নির্দিষ্ট) ব্যবহৃত গ্যাসের দাম হবে ৭৫০ টাকা এবং দ্বিতীয় ধাপে ৯০০ টাকা, ডাবল বার্নারে (প্রতি মাসে নির্দিষ্ট) ব্যবহৃত গ্যাসের দাম হবে প্রথম ধাপে ৮০০ টাকা এবং দ্বিতীয় ধাপে ৯৫০ টাকা। এর পাশাপাশি যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটারে পুনঃনির্ধারিত মূল্য হবে প্রথম ধাপে ৩৮ টাকা এবং দ্বিতীয় ধাপে ৪০ টাকা।

বর্তমানে এক বার্নারে ব্যবহৃত গ্যাসের দাম ৬০০ টাকা, ডাবল বার্নার ৬৫০ টাকা এবং সিএনজি প্রতি ঘনমিটার ৩৫ টাকা নির্ধারিত রয়েছে।

বিইআরসি জানিয়েছে, বিদ্যুৎ খাতে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম বেড়ে হবে প্রথম ধাপে ২.৯৯ টাকা ও দ্বিতীয় ধাপে ৩.১৬ টাকা, ক্যাপটিভ পাওয়ার খাতে প্রথম ধাপে ৮.৯৮ টাকা ও দ্বিতীয় ধাপে ৯.৬২ টাকা, সার কারখানায় প্রথম ধাপে ২.৬৪ টাকা ও দ্বিতীয় ধাপে ২.৭১ টাকা, শিল্পখাতে প্রথম ধাপে ৭.২৪ টাকা ও দ্বিতীয় ধাপে ৭.৭৬ টাকা, চা বাগানে প্রথম ধাপে ৬.৯৩ টাকা ও দ্বিতীয় ধাপে ৭.৪২ টাকা এবং বাণিজ্যিক খাতে প্রথম ধাপে ১৪.২০ টাকা ও দ্বিতীয় ধাপে ১৭.০৪ টাকা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ভোক্তা পর্যায়ে সরবরাহ করা গ্যাসের নতুন মূল্য কার্যকর হবে।

এদিকে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করে বিইআরসি। এই গণবিজ্ঞপ্তিতে দুই ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় ধাপে মূল্য বৃদ্ধির কার্যকারিতার ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন।

সেই সঙ্গে আইনের ব্যত্যয় ঘটিয়ে প্রকাশ করা এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। বিইআরসিকে চার সপ্তার মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের পক্ষে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এর ফলে বুধবার থেকে কেবল প্রথম ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.