সিলেটটুডে ডেস্ক | ০১ মার্চ, ২০১৭
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে নব্য জেএমবির মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বনানীর কাকলী ক্রসিং এলাকার একটি বাস থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, বড় মিজান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে একে-২২ রাইফেল, ডেটোনেটোর, হ্যান্ডগ্রেনেড, গুলি, ম্যাগজিন বহন করে দেশে নিয়ে আসে। একটি আমের ট্রাকে করে এসব অস্ত্র ঢাকার বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার তানভীর কাদরীর বাসায় নিয়ে আসে। পরে এসব অস্ত্রই হলি আর্টিজানে ব্যবহার করা হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিট গত ২ নভেম্বর মিজানের ছোটভাই সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এসময় আটককৃতদের কাছ থেকে হলি আর্টিজানে হামলার ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে বড় মিজানের নাম পায় তদন্তকারী সংস্থা। আজ বুধবার (১ মার্চ) বড় মিজানকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।