Sylhet Today 24 PRINT

শিগগিরই আরব আমিরাতে কর্মী পাঠানো শুরু হবে : বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে শিগগিরই কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি।

বুধবার (১ মার্চ) জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

নুরুল ইসলাম বিএসসি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী কর্মী প্রেরণের বিষয়ে গত বছরের ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরকালে দ্বিপাক্ষিক শ্রম বাজার উন্মুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। আশা করা যায় শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে কর্মী প্রেরণ শুরু হবে।

মন্ত্রী বলেন, নতুনভাবে রাশিয়া ও থাইল্যান্ডে কর্মী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাশিয়ায় কর্মী প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সাক্ষরের কাজ চলমান আছে। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে রাশিয়ায় আরো কর্মী প্রেরণ ও সমঝোতা স্মারক সাক্ষরের উদ্যোগ গ্রহণেরও পরিকল্পনা রয়েছে।

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রম বাজার উল্লেখ করে নুরুল ইসলাম বিএসসি বলেন, সরকারের সফল শ্রম কূটনৈতিক তৎপরতার ফলে ২০০৮ সালে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার জিটুজি চুক্তির মাধ্যমে চালু হয়। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়ার সাথে জি টু জি প্লাস নামে আরও একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। এর আওতায় কর্মী প্রেরণের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.