সিলেটটুডে ডেস্ক | ০২ মার্চ, ২০১৭
জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জানান, গ্রেপ্তার হওয়া এমদাদুল জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৮৭ লাখ ৫৪০ টাকা সমমূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ১৮ লাখ ৫৭১ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
গত ২৩ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. সাহিদুজ্জামান বাদী হয়ে এমদাদুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আজ তাঁকে গ্রেপ্তার করা হলো।