Sylhet Today 24 PRINT

হেফাজতে ইসলামের নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৭

ফাইল ছবি

২০১৩ সালে গণজাগরণ মঞ্চ ভাঙার জন‌্য মিছিল থেকে বোমাবাজির একটি মামলায় হেফাজতে ইসলামের নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (৫ মার্চ) শাহবাগ থানায় বিস্ফোরক আইনের ওই মামলায় ২৯ আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারির আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানার ২৫ আসামির মধ‌্যে আছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি মো. ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমেদুল্লাহ আশরাফ এবং নেজামে ইসলাম বাংলাদেশের সভাপতি আবদুর রাকিব

আসামিদের মধ‌্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ এবং মোশাররফ হোসেন নামে একজন জামিনে রয়েছেন। আর জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম আছেন কারাগারে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর ২২ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা গণজাগরণ মঞ্চ ভাঙার জন‌্য মিছিল নিয়ে অগ্রসর হলে আনন্দবাজারের সামনে পুলিশ তাদের বাধা দেয়। সে সময় মিছিল থেকে বোমাবাজি, লেগুনায় অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালায় আসামিরা। তখন শাহবাগ থানার এসআই সানোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.