সিলেটটুডে ডেস্ক | ০৫ মার্চ, ২০১৭
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুরসহ দেশের ১৪টি উপজেলা ও একটি পৌরসভায় সোমবার (৬ মার্চ) ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর, খাগড়াছড়ির গুইমারা, পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লার আদর্শ সদর, নাটোরের বরাইগ্রাম ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে।