Sylhet Today 24 PRINT

হেফাজতের দাবির প্রেক্ষিতে পাঠ্যপুস্তকে পরিবর্তন কেন অবৈধ নয় : হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৭

হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে স্বনামধন্য লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুই শিক্ষাবিদ— অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক মমতাজ জাহানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৬ মার্চ) বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মোস্তাফিজ রহমান খান ও সৈয়দ মামুন মাহবুব।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই যাওয়ার পর তাতে বিভিন্ন ভুল-ক্রটির পাশাপাশি বেশ কয়েকজন লেখক-কবির রচনা বাদ দেওয়ার বিষয়টি জানা যায়। ভুল-ত্রুটি নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনার পাশাপাশি লেখা বাদ দেওয়ার পেছনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকার অভিযোগ ওঠে।

এরপর ১৪ জানুযারি গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে পাঠ্যবইয়ে পরিবর্তনের জন্য সরকারকে ধন্যবাদ জানায় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিপরীতে দাঁড়িয়ে আলোচনায় আসা ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম।

পাঠ্যবই থেকে বাদ দেওয়া রচনাগুলোকে ‘নাস্তিক্যবাদ ও হিন্দু তত্ত্বের বিষয়বস্তু সমৃদ্ধ’ ছিল- এমন মন্তব্য করে সংগঠনটির আমির শাহ আহমদ শফী বলেন, হেফাজতের দাবি মেনে স্কুলের এসব রচনা বাদ দেওয়ার ‘প্রশংসনীয় ও ইতিবাচক’ উদ্যোগে ইসলামবিদ্বেষী গোষ্ঠীর গায়ে জ্বালা ধরেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.