সিলেটটুডে ডেস্ক | ০৬ মার্চ, ২০১৭
গাজীপুরের টঙ্গীতে প্রিজনভ্যানে হামলা চালিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তার সহযোগীরা।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় দুটি প্রিজনভ্যানে হামলা চালানো হয়।প্রিজনভ্যান দুটি ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল।
ঘটনাস্থল থেকে মোস্তফা কামাল (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। অন্য দুই হামলাকারী পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, 'দুটি প্রিজনভ্যানের একটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত উগ্রবাদী নেতা মুফতি হান্নান ছিলেন। তাকে ছিনিয়ে নিতেই উগ্রবাদীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
পুলিশ জানিয়েছে, আটক মোস্তফা ময়মনসিংহ জেলার পশ্চিম তারাকান্দার মোজাম্মেলের ছেলে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টার, অবিস্ফোরিত ককটেল এবং উগ্রবাদীদের ব্যবহৃত একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে দুটি প্রিজনভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। টঙ্গী কলেজ গেট অতিক্রমকালে পাশের নার্সারি থেকে তিন যুবক পর পর কয়েকটি ককটেল ছুড়ে মারে এবং প্রিজনভ্যানের দিকে এগিয়ে যায়। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া করে মোস্তফা নামের একজনকে ব্যাগসহ আটক করে। অপর দুই যুবক ঘটনাস্থলের উত্তর দিক দিয়ে পালিয়ে যায়। পরে আটক যুবককে স্থানীয় পৌর মিলনায়তনে শিল্প পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, ব্যস্ততম এলাকায় এ ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
এ প্রসঙ্গে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম (পিএসসি) বলেন, 'আমাদের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি।'