সিলেটটুডে ডেস্ক | ০৭ মার্চ, ২০১৭
রাজধানীর মিরপুর থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৭ মার্চ) ঢাকার আট নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ পরোয়ানা জারি করেন।
এ মামলায় আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিচারক অভিযোগ গঠন করে পলাতক ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, আজ এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এসময় রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফি পাপিয়াসহ ১৭ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
বাকি ৩০ আসামি অনুপস্থিত থাকায় বিচারক তাঁদের গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, বিএনপির নেতা সাইফুল আলম নীরব, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস প্রমুখ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অজ্ঞাত আসামিরা অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
২০১৫ সালের ২ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন মিরপুর থানার এসআই মাসুদ পারভেজ। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়।