Sylhet Today 24 PRINT

জঙ্গি দমনে পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নেবে না পাকিস্তান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৭

দক্ষিণ এশিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের নিয়ে অনুষ্টিতব্য জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে অংশ নেবে না পাকিস্তান। এ সম্মেলনে উপস্থিত থাকতে চিঠি দেওয়া হলেও পাকিস্তান পুলিশের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

জঙ্গি রাষ্ট্র হিসেবে আলোচিত দেশ পাকিস্তানের সম্মেলনে অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, "তাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।"

তিনি বলেন, "আমাদের সঙ্গে সবসময় যেসব দেশের যোগাযোগ থাকে, তাদের নিয়েই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।"

দক্ষিণ এশিয়া ও এর আশপাশের ১৪টি দেশের পুলিশ প্রধানদের তিন দিনব্যাপী এ সম্মেলন ঢাকায় শুরু হবে রোববার (১২ মার্চ)। ইন্টারপোলের সহযোগিতায় আয়োজক দেশ হিসেবে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ পুলিশ। সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পুলিশ প্রধানরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন এবং এ অঞ্চলের পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন, দক্ষিণ এশীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পরে ১৪ দেশের প্রতিনিধিদের যৌথ ঘোষণার মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.