নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০১৭
জনগণ ও সংসদ সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনকারী ডিজিটাল মাধ্যম আমারএমপি ডটকম এবার দশম জাতীয় সংসদের সংসদ সদস্যদের পাশাপাশি আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের জনগণের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে আমারএমপি ডটকম ‘শ্যাডো এমপি’ শিরোনামের নতুন বিভাগ চালু করেছে, যেখানে প্রার্থীরা নির্বাচনের আগে থেকেই জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন।
চলমান এ প্রক্রিয়ায় এবার সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। এ দুই সাংসদ ৯ম জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, ডা. মুরাদ হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক।
আমারএমপি ডটকমের সাম্প্রতিক সংযোজন ‘শ্যাডো এমপি’-তে এক নির্বাচনী এলাকার বিপরিতে একাধিক ব্যক্তি থাকতে পারবেন বলে জানা গেছে।
জানা যায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব রাজনৈতিক দল ১৯৯১ সালের সংসদ নির্বাচন থেকে বর্তমান সংসদ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছে সে সকল দলের নেতা-নেত্রী এবং যে সকল ব্যক্তি স্বতন্ত্র বা দলীয়ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অথবা নির্বাচনে অংশ নিয়েছেন তারা মূলত এ সুবিধা পাবেন।
‘শ্যাডো এমপি’ নামের এ বিভাগ প্রত্যেক প্রার্থীর বিপরিতে তাঁর শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণ সহ আনুষঙ্গিক তথ্য (প্রাপ্তি সাপেক্ষে) সরবরাহ করবে, যাতে করে জনগণ নির্বাচনের আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত হন।
শ্যাডো এমপিগণের পক্ষ থেকে কমপক্ষে একজন করে ‘অ্যাম্বাসেডর’ বা স্বেচ্ছাসেবক গ্রহণ করবে, বা নিয়োগ দেবে আমার এমপি ডটকম। আমারএমপি ডটকম সংশ্লিষ্ট শ্যাডো এমপির প্রতি আসা যেকোনো প্রশ্নের উত্তরও প্রকাশ করবে।
শ্যাডো এমপিগণও তাঁর নিজস্ব এলাকার এমপিদের প্রতি যেকোনো প্রশ্ন করতে পারবেন, এবং সংশ্লিষ্ট এলাকার যেকোনো সমস্যা সম্পর্কেও অবহিত করতে পারবেন।
‘শ্যাডো এমপি’ বিভাগের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আমারএমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত।
উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করতে অনলাইনে চালু হয়েছে আমার এমপি ডটকম (www.amarmp.com)। এ ওয়েবসাইটে ইতোমধ্যেই দশম জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণ সহ আনুষঙ্গিক তথ্য সন্নিবেশিত হয়েছে। আমার এমপি ডট কম প্রত্যেক সংসদ সদস্যের বিপরিতে এক বা একাধিক অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, পরিকল্পনা মন্ত্রী, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী সহ শতাধিক সংসদ সদস্য নিজেরাই তাঁদের অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন আমারএমপি ডটকমে।